
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রমজান আলী (৪২) নামে এক প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব বলরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন রমজান আলী। দেশে ফেরার পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই কলহের জেরে গত সোমবার (১ জুন) রমজান আলীর স্ত্রীর স্বজনরা এসে তাঁকে (স্ত্রীকে) বাবার বাড়িতে নিয়ে যান।
এরই পরদিন আজ মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের একটি কক্ষে তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় রমজান আলীকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন বলেন, “রমজান আলী দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং অসুস্থ অবস্থায় দেশে ফেরেন। পারিবারিক কিছু সমস্যা ও দাম্পত্য কলহ ছিল বলে আমরা শুনেছি। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক কিছু সমস্যার বিষয় আমরা জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




