
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পলাতক ফ্যাসিস্টের দোসরকে সরানোর আহ্বান জানিয়ে বলেছেন, দেশের হাজার হাজার গ্রাহকের লাখো কোটি টাকার আমানত নিয়ে ছিনিমিনি খেলবেন না। বুলেট, গুলি চালিয়ে পার পাবেন না। আমিও মাঠে নামবো। বুলেট গুলির সামনে আমিও বুক পেতে দেবো।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সিলেট শিল্প কলা একাডেমিতে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান আ্যডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের , সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ মাওলানা আবদুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমির ডঃ নুরুল ইসলাম বাবুল, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জয়নাল আবেদীন, মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী।




