
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ: মানবতার কল্যাণে এগিয়ে এলো ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’। ব্রেইন টিউমারে আক্রান্ত দিলারা বেগমের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে প্রবাসীদের এই সামাজিক সংগঠনটি। দিলারা বেগম কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বাসিন্দা।
গতকাল (১ জুন, সোমবার) সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে দিলারা বেগমের পিতার হাতে এই অনুদানের নগদ অর্থ হস্তান্তর করা হয়। ‘চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন’-এর দেশীয় ও প্রবাসী কমিটির পক্ষ থেকে যৌথভাবে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
অর্থ হস্তান্তরকালে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। দিলারা বেগমের দ্রুত সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সমাজের বিত্তবানদেরও এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
নগদ অর্থ হাতে পেয়ে দিলারা বেগমের পিতা সংগঠনের সকল প্রবাসী ও দেশীয় সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।




