
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাঁকে এই নিয়োগ দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
আইরিন খান সিলেটের মেয়ে। তিনি সিলেটের ঐতিহ্যবাহী সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মরহুম ডা. সিকান্দার আলী খানের মেয়ে এবং সাবেক এয়ার ভাইস মার্শাল মাহবুব আলী খানের ভাতিজি। উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তাঁর চাচাতো বোন।
আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ‘মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক’ বিশেষ র্যাপোর্টিয়ার (Special Rapporteur) হিসেবে দায়িত্ব পালন আসছিলেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর মহাসচিবের দায়িত্ব পালন করেন। এই সম্মানজনক পদে তিনিই ছিলেন প্রথম এশীয়, প্রথম নারী এবং প্রথম মুসলিম। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশন (IDLO)-এর মহাপরিচালক হিসেবে কাজ করেন।
আইরিন খান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনেও (UNHCR) দীর্ঘ ২১ বছর সদরদপ্তরসহ বিভিন্ন দেশে মাঠ পর্যায়ে দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের একজন ভিজিটিং প্রফেসর এবং ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ব্র্যাক ইন্টারন্যাশনালসহ বিভিন্ন নামী আন্তর্জাতিক সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত আছেন তিনি।
শিক্ষাজীবনে আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বিশ্বজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধ এবং মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে বিখ্যাত ‘সিডনি শান্তি পুরস্কার’-সহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্বের নতুন এই নিয়োগে সিলেটসহ দেশজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।




