
নিজস্ব প্রতিবেদক, কমলগঞ্জ:
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফল প্রকাশ, বৃত্তি প্রদান ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ৩ জুলাই (শুক্রবার) সকালে মেরিট কেয়ার মডেল স্কুল অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষার পরিচালক মো. নূরুল হক-এর সভাপতিত্বে ও মেধাবৃত্তি পরীক্ষার ট্রেজারার মো. সাদেক হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য জনাব মো. দুরুদ আহমদ মাস্টার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এনামুর রহিম বাবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।
আয়োজকরা জানান, প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। কড়া যাচাই-বাছাই ও মেধার ভিত্তিতে নির্বাচিত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে আজকের অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক টাকার মেধাবৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিভা শিক্ষা পরিবারের কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়ন আগামীতে এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।




